বগুড়ার মোকামতলায় প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে গঠিত ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের নির্দেশ

বগুড়ার মোকামতলায় প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে গঠিত ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের নির্দেশ

সারাদেশ ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সাথে মিল রেখে নামকরণ করা বগুড়ার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিকভাবে নতুন ইউনিয়ন গঠনের পর নামকরণের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হলে সরকারের উচ্চপর্যায় থেকে এই নির্দেশনা আসে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিতর্কিত ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যে শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই লক্ষ্যে ওই এলাকায় পুনরায় গণশুনানির আয়োজন করা হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী মৌখিকভাবে এই নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন এবং দ্রুতই এ সংক্রান্ত লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

জেলা প্রশাসনের প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত করার পর তা যথাযথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। ওই প্রজ্ঞাপনে জেলাটিতে মোট চারটি নতুন ইউনিয়ন গঠনের কথা জানানো হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় নতুন একটি ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ী’। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়, যেগুলোর নাম রাখা হয়েছিল যথাক্রমে ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।

নতুন গঠিত চারটি ইউনিয়নের মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত—এই তিনটি নাম নিয়ে স্থানীয় অধিবাসী ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামের সাথে মিল রেখে ‘মীরবাড়ী’ এবং তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সাথে হুবহু মিল রেখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে। সরকারি প্রশাসনিক কাঠামোতে এভাবে ব্যক্তিস্বার্থ বা পারিবারিক নামের প্রতিফলনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্তরে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এমনকি জাতীয় সংসদের চলমান অধিবেশনেও এই নামকরণের বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারি দলের ভেতরে-বাইরে তৈরি হওয়া অসন্তোষের জেরে প্রধানমন্ত্রী সরাসরি এই নামকরণের পরিবর্তনের নির্দেশ দেন। জানা গেছে, গত কয়েকদিনের নানামুখী সমালোচনা ও বিতর্কে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন। বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অপপ্রচারের সুযোগ না থাকে, সেজন্য প্রতিমন্ত্রী নিজেও জেলা প্রশাসককে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী গণশুনানির মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটিয়ে দ্রুতই এই নাম পরিবর্তনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ