খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ৭, আহত ৩

খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ৭, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় একটি যাত্রীবাহী ভ্যান ও উদ্ধারকারীদের লক্ষ্য করে চালানো পৃথক দুটি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার প্রদেশের মেরকা বেরা এলাকায় এ ঘটনা ঘটে। জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি ঘটে সড়কের পাশে পুঁতে রাখা একটি বোমার মাধ্যমে। হাতি খেল গ্রাম থেকে বান্নু শহরের দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যান ওই এলাকায় পৌঁছালে বিস্ফোরণ ঘটে। এতে ভ্যানের ভেতরে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রথম ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারীরা হতাহতদের সহায়তায় এগিয়ে আসেন। এর কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় এই হামলায় উদ্ধারকাজে অংশ নেওয়া আরও দুজন নিহত হন। এ সময় ঘটনাস্থলে থাকা একটি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন। বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার করে দ্রুত বান্নুর খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার খবর পেয়েই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি বিশাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি অবরুদ্ধ করে ফেলে। আশেপাশের এলাকায় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চিরুনি অভিযান শুরু করা হয়েছে। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন স্বীকার করেনি। স্থানীয় প্রশাসন ঘটনাটিকে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করে এর পেছনে জড়িতদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে সশস্ত্র হামলা ও বিস্ফোরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসেও বান্নু জেলায় একটি আত্মঘাতী বোমা হামলায় তিন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছিলেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্তঘেঁষা এই অঞ্চলগুলোতে উগ্রপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা এবং সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ