রাজশাহী বরেন্দ্র কলেজের বিদায় সংবর্ধনায় ভূমিমন্ত্রী: বরেন্দ্রর ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে সুনাগরিক গড়ার আহ্বান

রাজশাহী বরেন্দ্র কলেজের বিদায় সংবর্ধনায় ভূমিমন্ত্রী: বরেন্দ্রর ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে সুনাগরিক গড়ার আহ্বান

জাতীয় ডেস্ক

রাজশাহী বরেন্দ্র অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত মেধা ও উচ্চশিক্ষাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তাগিদ দেন। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, বরেন্দ্র কলেজ ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

শনিবার সকালে রাজশাহী বরেন্দ্র কলেজ চত্বরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে ভূমিমন্ত্রী পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন।

বরেন্দ্র অঞ্চলের প্রায় তিন থেকে চার হাজার বছরের পুরোনো সভ্যতার ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, এ অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও শিক্ষা প্রাচীনকাল থেকেই মানুষকে আলোকিত করে আসছে। তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের শহীদ ড. শামসুজ্জোহা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, এই মাটি ত্যাগ ও গৌরবের ইতিহাসে সমৃদ্ধ। তরুণ প্রজন্মের কাছে এ অঞ্চলের এই সমৃদ্ধ ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরার জন্য তিনি শিক্ষকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক দায়বদ্ধতার ওপর জোর দিয়ে ভূমিমন্ত্রী বলেন, জীবনের লক্ষ্য শুরুতেই নির্ধারণ করা জরুরি। কেবল রাজনীতির আঙিনায় সীমাবদ্ধ না থেকে, শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী, চিকিৎসক, বিজ্ঞানী কিংবা আইনজীবী হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে তারা সমাজ ও মানবতার কল্যাণে কার্যকর অবদান রাখতে পারে। নৈতিক চরিত্র গঠনে শিক্ষার্থীদের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাঁদের পরামর্শ ও অনুশাসন মেনে চলারও পরামর্শ দেন তিনি।

কলেজের অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, রাজশাহী বরেন্দ্র কলেজটি সরকারিকরণের জন্য সম্পূর্ণ উপযুক্ত অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি যাতে ভবিষ্যতে বিশ্বমানের মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তাঁর সার্বিক প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

রাজশাহী বরেন্দ্র কলেজের সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ সারাদেশ