জাতীয় ডেস্ক
আইনের সংঘাতে আসা শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সমাজকর্মীদের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। তিনি বলেন, এসব শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে মমতা, সহমর্মিতা এবং পেশাগত দক্ষতার সমন্বয় জরুরি।
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) সভাকক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বিদ্যমান শিশু উন্নয়ন কেন্দ্র ৩টির সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, সমাজকর্মের মূল লক্ষ্যই হলো শিশুর সুরক্ষা নিশ্চিত করা। আইনের সংঘাতে জড়িত শিশুদের অপরাধপ্রবণতা থেকে মুক্ত করে সংশোধন ও পুনর্বাসনের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে সংশোধনাগার ও সমাজসেবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, অপরাধে জড়িয়ে পড়া শিশুদের প্রচলিত বিচার ব্যবস্থার চেয়ে সংশোধনমূলক ব্যবস্থার মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা বেশি কার্যকর। এই প্রক্রিয়ায় মাঠপর্যায়ের সমাজকর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজসেবা অধিদপ্তরের এই সক্ষমতা বৃদ্ধি প্রকল্প কেন্দ্রগুলোর প্রাতিষ্ঠানিক পরিবেশ ও সেবার মান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় শিশু আইন, শিশু সুরক্ষা, মনস্তাত্ত্বিক কাউন্সেলিং এবং দাপ্তরিক অফিস ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেশন পরিচালিত হয়। সেশনগুলো পরিচালনা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল আহসান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং সহকারী প্রকল্প পরিচালক মো. মোশাররফ হোসেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় মহাপরিচালক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


