জাতীয় ডেস্ক
তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে অপরিহার্য ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গণতন্ত্রের মূল সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা এবং এই চেতনাকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি সাংবাদিকদের কোনো পক্ষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয়, বরং সঠিক তথ্যের ভিত্তিতে সত্য সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
শনিবার দুপুরে যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৭০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে অতীত রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, অতীতে গণমাধ্যমের অপব্যবহার ও অপপ্রচারের ঘটনা ঘটলেও বর্তমান সরকার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং সহিষ্ণুতার নীতি বজায় রাখতে বদ্ধপরিকর। দেশ ও সমাজের কাঙ্ক্ষিত অগ্রগতির জন্য তিনি গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।
একই অনুষ্ঠানে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে প্রশাসনের নিজস্ব তথ্যসূত্র এবং গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে চিহ্নিত করা প্রয়োজন। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে তিনি প্রশাসন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ বিষয়ে সাংবাদিকদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি, ফ্যাক্টচেক ও এআই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।


