অপরাধ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ‘খ’-জোনের একটি আভিযানিক দল মিজমিজি কান্দাপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ওই কক্ষের খাটের নিচ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. জসীম উদ্দিন (৩৪) এবং লিটন (৪৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশি হেফাজতে জব্দ করা হয়েছে। এই মাদক চক্রের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে আইনপ্রয়োগকারী সংস্থা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।


