অপরাধ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে গ্রেপ্তার করেছে। জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সোমবার দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এ ছাড়া সন্ত্রাসী, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে এবং মাদক কারবারে জড়িত থাকার অপরাধে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করে। ডিবির হাতে গ্রেপ্তারদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং মাদক মামলায় ৬ জন রয়েছে। অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
ডিএমপি জানিয়েছে, মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


