গুজব ও অপতথ্য রোধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের বিকল্প নেই: সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

গুজব ও অপতথ্য রোধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের বিকল্প নেই: সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

বর্তমান বিশ্বে তথ্যকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, প্রযুক্তির এই যুগে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ গুজব ও অপতথ্যের বিস্তার রোধ করা। আর এটি মোকাবিলায় সত্য, যাচাইকৃত এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের কোনো বিকল্প নেই।

বুধবার সকালে রাজধানীর খিলগাঁওস্থ আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেন্টার ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এতে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের তথ্য ও গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান যুগে দায়িত্বশীল তথ্য পরিবেশন সময়ের অপরিহার্য দাবি। নবপ্রতিষ্ঠিত মিডিয়া সেন্টার ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সত্য-নির্ভর ও যাচাইকৃত তথ্য প্রচারের একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এটি বাহিনীর সার্বিক সাফল্য, উদ্ভাবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরবে। তথ্য অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা আনায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগাযোগ ও নিরাপত্তা খাতের সমন্বয় তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের মহাসড়ক, সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জাতীয় ও স্থানীয় নির্বাচন, ধর্মীয় উৎসব এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জাতীয় সংকটে তাদের ভূমিকা প্রশংসনীয়। তবে রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষায় বাহিনীর সদস্যদের এই গুরুত্বপূর্ণ অবদান অনেক সময় জনসম্মুখে যথাযথভাবে উঠে আসে না। এই মিডিয়া সেন্টারের মাধ্যমে বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, এই প্ল্যাটফর্মটি যদি স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হয়, তবে তা শুধু বাহিনীর অভ্যন্তরীণ সংবাদই প্রচার করবে না, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সফলতার গল্পও জাতীয় পর্যায়ে তুলে ধরতে সক্ষম হবে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর মূলধারার আলোচনায় স্থান পাবে, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়ক হবে।

দেশের চলমান উন্নয়ন প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, বাংলাদেশ আজ অর্থনৈতিক ও অবকাঠামোগত অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। যোগাযোগ খাতের অভূতপূর্ব উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এবং উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজব ও নেতিবাচক প্রচারণার বিপরীতে উন্নয়নমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় শীর্ষ সংবাদ