আলিম পরীক্ষা ও দাপ্তরিক শৃঙ্খলা রক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

আলিম পরীক্ষা ও দাপ্তরিক শৃঙ্খলা রক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

প্রশাসন ডেস্ক

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বোর্ডের এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ কর্মদিবসে বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে বাধ্যতামূলকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে। কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো অবস্থাতেই অফিস ত্যাগ করা যাবে না।

চলমান আলিম পরীক্ষা নির্বিঘ্ন করার লক্ষ্যে পরীক্ষার দিনগুলোতে উপস্থিতি আরও আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এসব দিনে কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা ও প্রশাসনসহ পরীক্ষা সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কার্যক্রম সচল রাখার স্বার্থে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে বোর্ডের আঞ্চলিক কার্যালয়সমূহের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

অফিস আদেশে শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কঠোর সতর্কতা উচ্চারণ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ কিংবা বিলম্বে অফিসে আগমন দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা চলাকালীন বোর্ডের প্রশাসনিক ও প্রযুক্তিগত সক্ষমতা বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিশ্চিত করবে।

জাতীয় শীর্ষ সংবাদ