সিসিইউতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিকেলে এনজিওগ্রাম

সিসিইউতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিকেলে এনজিওগ্রাম

রাজনীতি ডেস্ক

জাতীয় পার্টির মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তার হৃদযন্ত্রের পরীক্ষা বা এনজিওগ্রাম করার কথা রয়েছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) সাবেক এই মন্ত্রী প্রথম শারীরিক অসুস্থতা অনুভব করলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে উচ্চ রক্তচাপের উপস্থিতি শনাক্ত করেন। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাকে বাসায় ফিরে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

তবে বুধবার (২০ মে) রাতে বাসায় অবস্থানকালীন সময়ে তার শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ঘটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাতেই তাকে পুনরায় দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে তাকে অবিলম্বে সিসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে তার শারীরিক অবস্থার এই অবনতি ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকালের এনজিওগ্রাম রিপোর্টের ওপর ভিত্তি করে তার পরবর্তী চিকিৎসার রূপরেখা ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এবিএম রুহুল আমিন হাওলাদার বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচিত নাম। তিনি জাতীয় পার্টির অন্যতম শীর্ষ নেতা এবং দলটির মহাসচিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সরকারের মন্ত্রী এবং পটুয়াখালী-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রবীণ এই রাজনীতিবিদের আকস্মিক অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গন ও তার নির্বাচনী এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রাজনীতি শীর্ষ সংবাদ