বিএনপি সরকারের বাজেট গণমানুষের, দলীয়করণের অভিযোগ ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকারের বাজেট গণমানুষের, দলীয়করণের অভিযোগ ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

কক্সবাজার: বিএনপি সরকারের ঘোষিত বাজেটকে ‘গণমানুষের বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বাজেটকে ব্যাংকমুখী নয় বলে দাবি করেন এবং এর দলীয়করণের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন।

শুক্রবার (১২ জুন) সকালে কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকির অংশ হিসেবেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই জেলা সফর।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক সব প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কর্মসূচি যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পুলিশ, র‍্যাব ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্য এবং দলীয় আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে অঞ্চলের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতিসঞ্চার হবে।

জাতীয় শীর্ষ সংবাদ