রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকে শক্ত হাতে প্রতিহত করা হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকে শক্ত হাতে প্রতিহত করা হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় রাজনীতি ডেস্ক

রাজনীতির নামে যেকোনো ধরনের বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকে শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখার স্বার্থে তিনি সাধারণ জনগণকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাঁদপুর ছাড়াও দেশের আরও ২০টি জেলায় একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জনকল্যাণমূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারপ্রধান।

বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক রূপান্তর ও গণমানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও নিরাপত্তার মতো মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ সুসংহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকারের মূল দায়িত্ব এখন দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা।

বর্তমান সময়কে দেশ গঠনের উপযুক্ত সময় হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা ব্যাহত করার যেকোনো প্রয়াস রুখে দিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উৎপাদনমুখী ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে তৃণমূল পর্যায়ের জনগণের অংশীদারিত্বের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চাঁদপুরসহ সারা দেশের নিম্নআয়ের মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতকরণে ফ্যামিলি কার্ডের কার্যকারিতা ও এর সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাজার মূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী হবে।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সরকারের নীতি-নির্ধারক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এছাড়াও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জালাল আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদ বেগম হীরা, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যা সেলিম এবং সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে প্রশাসনিক সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় শীর্ষ সংবাদ