সারা দেশে হামের প্রকোপ অব্যাহত: নতুন আক্রান্ত ১,১৫৩, ২৪ ঘণ্টায় সন্দেহজনক মৃত্যু ১

সারা দেশে হামের প্রকোপ অব্যাহত: নতুন আক্রান্ত ১,১৫৩, ২৪ ঘণ্টায় সন্দেহজনক মৃত্যু ১

জাতীয়  ডেস্ক

সারা দেশে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ১৫৩ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত ১২৬ জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ১ হাজার ২৭। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু না হলেও, হামের লক্ষণযুক্ত সন্দেহজনক ১ জন রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সারা দেশের হাম পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে এই নতুন রোগীরা শনাক্ত হয়েছেন। সরকারি হিসাব মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৯৩৪ জনে। আক্রান্তদের মধ্যে একটি বড় অংশ চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত মোট ৬৫ হাজার ২৭৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। তবে হাসপাতালগুলোতে এখনও বহু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ শিশু।

গত তিন মাসে দেশে হামের কারণে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫১ জনে। চিকিৎসকদের মতে, মৌসুম পরিবর্তন এবং টিকাদানের আওতার বাইরে থাকা শিশুদের মধ্যেই এই রোগের সংক্রমণ ও জটিলতা বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জাতীয় শীর্ষ সংবাদ