সরকারি প্রাথমিক শিক্ষা খাতের সব দপ্তরের ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

সরকারি প্রাথমিক শিক্ষা খাতের সব দপ্তরের ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

অর্থ-বাণিজ্য ডেস্ক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এবং এর আওতাধীন দেশের সকল প্রতিষ্ঠানকে ২০২৫-২৬ অর্থবছরের বকেয়াসহ হাল সনের ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগ থেকে মাঠ পর্যায়ের সব দপ্তরকে এই কর পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে পত্র পাঠানো হয়েছে। অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতার স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী নির্দেশনার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়। নির্দেশনায় সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানকে নির্ধারিত কোড (৩৮২১১০২) ব্যবহার করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে সংশ্লিষ্ট দপ্তরগুলোর জন্য বরাদ্দকৃত বাজেট থেকে এই বকেয়া ও চলতি বছরের করের অর্থ জোগান দেওয়া হবে।

এই নির্দেশনার আওতায় দেশের সব বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিস এবং সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠ পর্যায়ের এই প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের বিলম্ব ছাড়াই করের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ না করায় অনেক ক্ষেত্রে বকেয়ার পরিমাণ বৃদ্ধি পায়, যা রাষ্ট্রীয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সময়মতো এই কর পরিশোধের ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক শিক্ষা খাতের স্থাবর সম্পত্তির আইনি ও প্রশাসনিক সুরক্ষা নিশ্চিত হবে। এ কারণে অধিদপ্তরের পক্ষ থেকে মাঠ পর্যায়ের সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ