ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক: আমানউল্লাহ আমান

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক: আমানউল্লাহ আমান

জাতীয় ডেস্ক

সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষা বিস্তারে ইমাম এবং মুয়াজ্জিনরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে তাদের অবদান অপরিসীম। ধর্মীয় ক্ষেত্রসহ সার্বিক কল্যাণে ও তাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আমানউল্লাহ আমান এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম-মুয়াজ্জিনরা নিরলস অবদান রেখে চলেছেন। এর ধারাবাহিকতায় তাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম জরুরি দায়িত্ব। বর্তমান সরকার মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আলেম সমাজের পাশে রয়েছে। জনকল্যাণমুখী এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সমকালীন রাজনীতি ও নেতৃত্ব প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, দেশের শীর্ষ নেতৃত্ব জনগণের অত্যন্ত কাছাকাছি থেকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন। জনগণের সুখ-দুঃখের সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং সাধারণ মানুষের প্রত্যাশা ও চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই বর্তমান রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। জনগণের সঙ্গে নিবিড় ও গভীর সম্পৃক্ত থাকাই একজন প্রকৃত রাজনৈতিক নেতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। দেশের শীর্ষ নেতৃত্ব সাধারণ মানুষের জীবনধারা ও মাঠপর্যায়ের সমস্যাগুলোকে কাছ থেকে উপলব্ধি করেন বলেই দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে অত্যন্ত কার্যকর এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে। নেতৃত্বের মূল শক্তিই হলো জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা। আর এই জনআস্থাকে পুঁজি করেই দেশকে টেকসই অগ্রগতির দিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়াতে এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পরিধি আরও জোরদার করার তাগিদ দেন।

জাতীয় শীর্ষ সংবাদ