কুমিল্লায় শিবির নেতার পক্ষে অবস্থান নেওয়া দুই এপিপির নিয়োগ বাতিল

কুমিল্লায় শিবির নেতার পক্ষে অবস্থান নেওয়া দুই এপিপির নিয়োগ বাতিল

অপরাধ ও আদালত ডেস্ক

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে অভিযুক্ত ছাত্রশিবিরের সদ্য বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে কুমিল্লার দুই সহকারী পাবলিক প্রসিকিউটরকে (এপিপি) পদচ্যুত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। পদ হারানো দুই আইনজীবী হলেন—কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলাম।

আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক অফিস আদেশে এই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। সংশ্লিষ্ট আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত আসামির পক্ষে সরাসরি অবস্থান ও গণমাধ্যমে বক্তব্য প্রদান করায় সরকারি আইন কর্মকর্তা হিসেবে তাদের নৈতিকতা ও পেশাগত আচরণ লঙ্ঘিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ জুন ছাত্রশিবিরের সাবেক এই নেতার নিখোঁজ হওয়ার দাবি ঘিরে রহস্যের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে জেলা পুলিশের অনুসন্ধানে বের হয়ে আসে যে, বিয়ের চাপ থেকে বাঁচতেই নিখোঁজের নাটক সাজানো হয়েছিল। ২৫ বছর বয়সী এক নারীর দায়ের করা ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের মামলায় ১৬ জুন জিসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সরকারি আইনজীবী হয়েও উক্ত আসামির পক্ষে অবস্থান নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করার অভিযোগে শেষ পর্যন্ত পদ হারাতে হলো এই দুই আইনজীবীকে।

আইন আদালত শীর্ষ সংবাদ