সংস্কৃতি ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ২১তম বার্ষিক সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে মঞ্চস্থ হয়েছে সূচনা থিয়েটার প্রযোজিত নাটক ‘অমানুষ’। প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদ রচিত এই নাটকটির মাধ্যমে প্রথমবারের মতো মঞ্চনাটক নির্দেশনায় নাম লেখালেন জান্নাতুল টুম্পা। গত ১৪ জুন নিউজার্সির নিউ ব্রান্সউইকের ৯ বেয়ার্ড স্ট্রিটে স্থানীয় সময় বেলা ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নাটকটির দুটি সফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এপিক (এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি) আয়োজিত এবং কোল্যাব আর্টসের সহ-আয়োজনে অনুষ্ঠিত এই নাট্যোৎসবে নাটকটির মঞ্চায়ন প্রবাসী দর্শক ও নাট্যসমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। দীর্ঘ দুই দশক ধরে নাট্য প্রযোজনার সঙ্গে যুক্ত থাকা জান্নাতুল টুম্পা নাট্যকার মামুনুর রশীদের অনুপ্রেরণায় এই প্রথম নির্দেশকের ভূমিকা পালন করলেন। নাটকটির প্রচারণামূলক পোস্টারের কনসেপ্ট ও ডিজাইন করেছেন রানা মাসুদ ও রাহি চৌধুরী।
‘অমানুষ’ নাটকের মূল উপজীব্য একজন আদর্শবাদী শিক্ষকের জীবনসংগ্রাম, যিনি একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখেন। তবে সমকালীন সামাজিক অবক্ষয়, দুর্নীতি ও পারিপার্শ্বিক চাপের মুখে তার সেই স্বপ্ন ক্রমশ বাধাগ্রস্ত হতে থাকে। তীব্র সামাজিক ও মানসিক চাপের মুখে একপর্যায়ে ওই শিক্ষক মানসিক ভারসাম্য হারিয়ে চরম পরিণতির দিকে ধাবিত হন। নাটকের একপর্যায়ে তার স্ত্রীর চরিত্রটি অবতীর্ণ হয় এক ইতিবাচক ভূমিকায়, যিনি স্বামীকে বোঝানোর চেষ্টা করেন যে স্বপ্ন ভেঙে ফেলা নয়, বরং প্রতিকূলতার মাঝেও স্বপ্নকে টিকিয়ে রাখাই জীবনের প্রকৃত শক্তি।
মানবিক মূল্যবোধের সংকট, সামাজিক অবক্ষয় এবং ব্যক্তির মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এই আখ্যান দর্শকদের গভীর আত্মোপলব্ধির মুখোমুখি দাঁড় করায়। সমাজবাস্তবতার এই নির্মম চিত্রায়ন ও শৈল্পিক উপস্থাপনা সমকালীন নাট্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবারের মতো নির্দেশনায় এসেই জান্নাতুল টুম্পা জটিল মনস্তাত্ত্বিক বিষয়টিকে যেভাবে মঞ্চে ফুটিয়ে তুলেছেন, তা নাট্যসংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে। সফল এই প্রদর্শনীর পর আগামীতেও নিয়মিত নাট্য পরিচালনায় যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নবীন এই নির্দেশক।


