বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান: ১ লাখের বেশি ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান: ১ লাখের বেশি ইয়াবা জব্দ

অপরাধ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী কাজু বাদাম বাগান এলাকায় এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪৭/৩-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে কাজু বাদাম বাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

অভিযান পরিচালনাকারী দলের অবস্থানকালীন সময়ে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে কয়েকজন চোরাকারবারিকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সাথে থাকা মালামাল ফেলে পাহাড় ও ঘন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি কার্টন উদ্ধার করে। ওই কার্টনগুলো থেকে গণনা সাপেক্ষে মোট এক লাখ ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সীমান্তবর্তী এই পাহাড়ি অঞ্চলে মাদক চোরাচালান রোধে বিজিবির পক্ষ থেকে নিয়মিত টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে। এই চক্রের সাথে জড়িত স্থানীয় ও আন্তর্জাতিক মাদক চক্রের সদস্যদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শীর্ষ সংবাদ সারাদেশ