অর্থ ও বাণিজ্য ডেস্ক
দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থার আওতায় স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় বা নির্ধারিত ব্যাংক হিসাবে সরাসরি পাঠাতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।
সার্কুলারের শর্তানুযায়ী, ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ করা বাধ্যতামূলক। এছাড়া প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংকে জমা রাখতে হবে। বিদেশে অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সব ধরনের সরকারি কর ও শুল্ক যথাযথভাবে কর্তন করা হয়েছে কি না, তাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নির্দেশনার ফলে ভিসা ফি পরিশোধ ও তা বিদেশে প্রেরণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খল হবে। একই সঙ্গে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এ ধরনের বৈদেশিক মুদ্রা লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।


