নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রবিউল আলম

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রবিউল আলম

জাতীয় ডেস্ক

একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা এখনো দৃশ্যমান থাকা জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনআকাঙ্ক্ষা ও জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করায় একটি রাজনৈতিক দল আজ জনগণের কাছে পরিত্যক্ত, বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ সংশ্লিষ্টদের প্রত্যাখ্যান করে দেশ ছাড়তে বাধ্য করেছে। জনগণ চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে এবং আইনগতভাবেও তারা এখন নিষিদ্ধ। রাজনৈতিক দলের বৈধতা মূলত জনগণই নির্ধারণ করে মন্তব্য করে তিনি বলেন, নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।

অনুষ্ঠানে সরকারের বিদ্যুৎ উৎপাদন নীতি ও অব্যবহৃত ভূমির ব্যবহার নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আওতাধীন অব্যবহৃত জমি চিহ্নিত করার কাজ চলছে। জমির পরিমাণ অনুযায়ী সেগুলোকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। বিশেষ করে তিন একরের বেশি আয়তনের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, তিন একরের বেশি জায়গায় প্রায় এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এসব জমিতে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে স্থানীয়ভাবে ব্যবহার করা হবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর ফলে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিধি আরও বাড়বে।

বৃক্ষরোপণ কর্মসূচি ও এ সংক্রান্ত মতবিনিময় সভায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ