রাজধানীর ফকিরাপুলে সড়ক দুর্ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর ফকিরাপুলে সড়ক দুর্ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

জাতীয় ও অপরাধ ডেস্ক

রাজধানীর ফকিরাপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২০) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরাফাত রহমান শাওন গাজীপুরের টঙ্গীর পশ্চিম বড় দেওড়া এলাকার বাসিন্দা। তিনি সপরিবারে হাতিরঝিলের মীরবাগ এলাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বন্ধুদের সঙ্গে ফুটবল ম্যাচ দেখার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ওয়ারীর দিকে যাচ্ছিলেন শাওন। তার বন্ধুরাও অন্য একটি মোটরসাইকেলে সঙ্গে ছিলেন। পথিমধ্যে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে পৌঁছালে শাহজাহান (৪৫) নামের এক পথচারী হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে শাওন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল চালক শাওন ও পথচারী শাহজাহান দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শাওনের বন্ধুরা তাদের উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। আহত পথচারী শাহজাহানকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের বাবা লুৎফর রহমান জানান, তার ছেলে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ৩০ জুন তার ভিসা অনুমোদনের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট মতিঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ