“সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, “আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বাড়িয়েছে।
“শান্তিরক্ষায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভূমিকাকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। আমি আশা করি ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।”
শুক্রবার প্রধানমন্ত্রী তার ফেইসবুক পেইজে লেখেন, “একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন।
“মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে। সশস্ত্র বাহিনীর ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন। ফলে এই দিনটিকে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।”
এ দিবস উপলক্ষে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এছাড়া তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা।
“নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। একাত্তরের রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।”
তিনি বলেন, “সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর এক আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আরও আধুনিকায়ন অব্যাহত থাকে।
“উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারও বিস্তারিত পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে।”
সশস্ত্রবাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য বীর্যের প্রতীক হিসেবে তুলে ধরে সরকারপ্রধান বলেন, “বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্রবাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে বিভিন্ন সময়ে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্রবাহিনী সাফল্য যাত্রা অব্যাহত রেখেছে।
“১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয়, ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ এবং জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের এই স্বীকৃতি জাতির জন্য গৌরবের এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।”
সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্রবাহিনীর সকল বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১
রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?
মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

