শিশুর ওপর সহিংসতা বন্ধে বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রতিশ্রুতি

পরিকল্পনায় শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, আইন সংস্কার, এ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সহায়তামূলক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফিলিপিন্সের ম্যানিলায় বুধবার ‘দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে’ নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শিশুদের ওপর সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেছে বাংলাদেশ সরকার।

ফিলিপিন্সের ম্যানিলায় বুধবার ‘দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে’ সরকারের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

এ পরিকল্পনায় শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, আইন সংস্কার, এ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সহায়তামূলক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাতটি ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। সেগুলো হল- নেতৃত্ব ও অর্থায়ন, আইন ও নীতিমালা, সহিংসতা প্রতিরোধ, শিশুবান্ধব সেবা, মানবিক সংকট ও ডিজিটাল পরিসরে শিশু সুরক্ষা, জবাবদিহি এবং শিশুদের অংশগ্রহণ।

শুক্রবার ইউনিসেফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়েছে। সরকারের এসব প্রতিশ্রুতি প্রণয়ন করা হয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক এ সংস্থার সহায়তায়।

সম্মেলনে নারী ও শিশুবিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ প্রথমবারের মতো তার অঙ্গীকারগুলো তুলে ধরতে পেরে গর্বিত। এই অঙ্গীকারের মাধ্যমে আমাদের সরকার শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, আইনি সংস্কারগুলো এগিয়ে নেওয়া এবং সহিংসতা প্রতিরোধ ও সহায়তামূলক সেবায় বিনিয়োগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

“এসব অঙ্গীকারকে সুনির্দিষ্ট বাস্তব পদক্ষেপে রূপ দিতে এবং বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় করে কাজ করব।”

বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি এমানুয়েল আবরিউ বলেন, “শিশু অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের এই অঙ্গীকার শিশুদের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এক ক্ষেত্র তৈরি করে দিয়েছে। ইউনিসেফ এটা প্রণয়নে সহায়তা করতে পেরে গর্বিত।

“একইসঙ্গে শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ বাড়ানো এবং প্রতিটি শিশু যাতে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে এবং সহিংসতামুক্তভাবে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে সরকার ও অংশীজনদের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত ইউনিসেফ।”

অঙ্গীকার বাস্তবায়নে নীতি ও আইন সংস্কারে কারিগরি সহায়তা, সমাজসেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ ও সহায়তামূলক সেবার মানোন্নয়ন এবং শিশুবান্ধব বাজেট প্রণয়ন ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে ইউনিসেফ।

সরকারের এ উদ্যোগ ২০৩০ সালের মধ্যে শিশুদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধের বৈশ্বিক লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে, বিজ্ঞপ্তিতে বলেছে ইউনিসেফ।

রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

জাতীয়