বেসরকারি বিনিয়োগ পুনরুজ্জীবিত করতে খুচরা ও এসএমই খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বড় করপোরেট ঋণগ্রহীতাদের ওপর ঋণ-নির্ভরতা কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ খুচরা খাতে এবং ৩৫ শতাংশ এসএমই খাতে বরাদ্দ রাখা উচিত। আর করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।
আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে মুদ্রানীতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২০২৭ সালের জানুয়ারি-মার্চ মেয়াদের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে ব্যবসায়ী নেতা, ব্যাংকার, শিক্ষাবিদ ও অন্যান্য অংশীজনদের নিয়ে এই আলোচনা সভা আয়োজন করা হয়।
গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানো ও সরবরাহব্যবস্থার উন্নয়ন জরুরি।
তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ উৎপাদন ও সরবরাহ বাড়াতে সহায়তা করবে।
এ অর্থ চলতি অর্থবছরের মধ্যেই বিনিয়োগ করতে হবে বলেও তিনি জোর দেন।
তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রাবাজারকে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এক মাসের মধ্যে পুরোপুরি বাজারভিত্তিক বিনিময় হার চালুর লক্ষ্য রয়েছে।
সভায় ব্যবসায়ী নেতারা উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদহার কমানো এবং আমদানি অর্থায়নের শর্ত শিথিল করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন চৌধুরী নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, জ্বালানি ও কৃষি উপকরণ আমদানির ঋণপত্রের (এলসি) বিপরীতে বাধ্যতামূলক ১০০ শতাংশ নগদ মার্জিনের শর্ত প্রত্যাহারের প্রস্তাব দেন।
উৎপাদনশীল শিল্পের জন্য ১৮০ থেকে ২৭০ দিনের বিলম্বিত পরিশোধ সুবিধা এবং বন্দর, কাস্টমস বা জাহাজ চলাচল কর্তৃপক্ষের কারণে বিলম্ব হলে এলসি নিষ্পত্তির জন্য অতিরিক্ত ৩০ থেকে ৪৫ দিন সময় দেওয়ারও দাবি জানান তিনি।
আমীর হুমায়ুন চৌধুরী বলেন, উৎপাদন ব্যয় বেশি হওয়া এবং আমদানি অর্থায়নের কঠোর শর্ত ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে এবং এতে মূল্যস্ফীতিও বাড়ছে।
বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা ব্যয় বৃদ্ধি সামাল দিতে পারেন, কিন্তু অনিশ্চয়তা সামাল দেওয়া কঠিন।
তিনি উল্লেখ করেন, জ্বালানির সংকট ও বৈশ্বিক সংঘাত উৎপাদন ব্যয় বাড়িয়েছে। বিনিয়োগ ও প্রযুক্তির আধুনিকায়নে উৎসাহ জোগায়, এমন নীতি গ্রহণ করতে হবে।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা স্থিতিশীল বিনিময় হারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে।’
এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, দেশে ফেরত না আসা রপ্তানি আয় এবং পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। কয়েকজন ব্যক্তির সম্পদ বিদেশে শনাক্ত করে জব্দ করা হয়েছে। সেগুলো দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাও চলছে।

