দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ কাঠামো এবং যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি প্রস্তাবে অনুমতি দিয়েছে সরকার।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গতকাল বুধবারের বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের আওতায় পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তির অধীনে রেফারেন্স ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন করে কমিটি। বিদ্যুৎমূল্য নির্ধারণে সরকার এই ট্যারিফ ব্যবহার করে।
পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট আল্ট্রা-সুপারক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) রেফারেন্স ও লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৯৮ মার্কিন সেন্ট বা ৬ টাকা ৭৮ পয়সা, যার মধ্যে ক্যাপাসিটি চার্জ ৩ দশমিক ১০ মার্কিন সেন্ট ও জ্বালানি ব্যয় ৪ দশমিক ৮৭ মার্কিন সেন্ট। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।
আর বাগেরহাটের রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে ইনিশিয়াল অপারেশন ডেট থেকে কমার্শিয়াল অপারেশন ডেট পর্যন্ত লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিটে ৮ দশমিক ২৮ মার্কিন সেন্ট বা ৯ টাকা ১১ পয়সা এবং পরবর্তী সময়ের জন্য ৮ দশমিক ১৬ মার্কিন সেন্ট বা ৮ টাকা ৯৮ পয়সা।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রস্তাবেরও ছাড়পত্র দিয়েছে সরকারি ক্রয় কমিটি। এর আওতায় জিটুজি (সরকার-সরকার) প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা মোট ব্যয়ে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে।
প্রতি টনের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। সরবরাহকারী হিসেবে ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডকে নির্বাচন করা হয়েছে।

