আইন আদালত ডেস্ক
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্য, গুজব এবং বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এই সেলটি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়ানো ভুল তথ্যের ব্যাপারে সার্বক্ষণিকভাবে নজরদারি, যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে।
এনসিএসএ জানায়, নির্বাচনকালীন সময়ে যাতে কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে না পারে, সে জন্য তারা প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।
এনসিএসএ সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে তার উৎস যাচাই করে নিতে। বিশেষত, যদি কোনো কনটেন্ট সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী মনে হয়, তবে তা দ্রুত এনসিএসএ’কে জানাতে বলা হয়েছে।
এছাড়া, দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে বিভ্রান্তিকর ছবি, ভিডিও বা তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে এবং এই ধরনের কনটেন্ট সম্পর্কে অন্যদের সচেতন করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এনসিএসএ’র পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা চাই জনগণ সচেতন থাকুক এবং সঠিক তথ্য ছড়িয়ে দিয়ে দেশ ও সমাজের উপকারে আসুক।”
এনসিএসএ আরও জানিয়েছে, সাইবার অপরাধ এবং গুজবের বিরুদ্ধে জনগণের দ্রুত সহায়তা নিশ্চিত করার জন্য ২৪ ঘণ্টা হেলপলাইন সেবা চালু করা হয়েছে। এই হেলপলাইনে নাগরিকরা বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অভিযোগ গ্রহণের জন্য চারটি আলাদা ই-মেইল ঠিকানা খোলা হয়েছে:
১. অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য
২. ভুয়া তথ্য, গুজব বা misinformation/disinformation সংক্রান্ত অভিযোগের জন্য
৩. ফেক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট এবং অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য
৪. গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) প্রতিষ্ঠানে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য
এনসিএসএ’র পক্ষ থেকে নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে দেশের ডিজিটাল পরিসর নিরাপদ এবং দায়িত্বশীলভাবে ব্যবহৃত হয়।
এনসিএসএ’র এই উদ্যোগের মাধ্যমে, আশা করা হচ্ছে, নির্বাচনকালীন সময়ে ডিজিটাল মিথ্যাচার ও বিভ্রান্তি প্রতিরোধ করা সম্ভব হবে, এবং একটি নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করা যাবে।
— বাসস


