স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিকানা নিলেন লিওনেল মেসি

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিকানা নিলেন লিওনেল মেসি

খেলাধুলা ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি স্পেনের পঞ্চম স্তরের ফুটবল ক্লাব ‘ইউডি কর্নেয়া’র মালিকানা গ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রথমবারের মতো ইউরোপীয় কোনো ফুটবল ক্লাবের মালিক হিসেবে আত্মপ্রকাশ করলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। এর আগে উরুগুয়ের পেশাদার ক্লাব দেপোর্তিভো এলএসএম-এ তার বিনিয়োগ থাকলেও ইউরোপের ফুটবল কাঠামোতে এটিই তার প্রথম বড় ধরনের ব্যবসায়িক ও কৌশলগত পদক্ষেপ।

ক্লাব কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, মালিকানা পরিবর্তনের এই প্রক্রিয়াটি বার্সেলোনার সাথে মেসির দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রতিফলন। কাতালোনিয়া অঞ্চলে খেলাধুলার প্রসার এবং স্থানীয় প্রতিভার বিকাশে নিজের প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই মেসি এই বিনিয়োগ করেছেন। ক্লাব প্রশাসন মনে করছে, মেসির আগমনে কর্নেয়ার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্লাবের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলারদের আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে গড়ে তোলা।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত হওয়া ইউডি কর্নেয়ার ফুটবলে এক বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। বিশেষ করে ২০১৩-১৪ মৌসুমে স্পেনের তৃতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’-তে ক্লাবটির অংশগ্রহণ এবং ২০২১ সালে কোপা দেল রে’র দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে দেওয়া ছিল তাদের ইতিহাসের অন্যতম বড় সাফল্য। মাত্র দেড় হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম থাকলেও ক্লাবটি প্রতিভাবান খেলোয়াড় তৈরির সূতিকাগার হিসেবে পরিচিত। আধুনিক ফুটবলের অন্যতম তারকা জোর্ডি আলবা, গেরার্ড মার্টিন এবং গোলরক্ষক ডেভিড রায়ার মতো খেলোয়াড়রা এই ক্লাবের একাডেমি থেকেই উঠে এসেছেন।

বিশ্লেষকদের মতে, মেসির এই মালিকানা গ্রহণ কেবল একটি বিনিয়োগ নয়, বরং এটি দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা। এর ফলে ক্লাবের একাডেমি আরও শক্তিশালী হবে এবং কাতালান ফুটবল কাঠামোতে কর্নেয়া একটি বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হবে। তরুণ খেলোয়াড়দের জন্য বিশ্বসেরা ফুটবলারের সান্নিধ্য এবং তার অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠার সুযোগ ক্লাবটির ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পঞ্চম স্তরে থাকা ক্লাবটি এই নতুন নেতৃত্বের অধীনে আগামী কয়েক মৌসুমে উচ্চতর লিগগুলোতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।

খেলাধূলা শীর্ষ সংবাদ