পটিয়ায় বসতঘরের টিন খুলে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকাসহ নথিপত্র ভস্মীভূত

পটিয়ায় বসতঘরের টিন খুলে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকাসহ নথিপত্র ভস্মীভূত

অপরাধ ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে একটি বসতঘরের টিনের ছাউনি খুলে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি পরিবারের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে আশিয়া মল্লাপাড়া এলাকার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গৃহকর্তা মোজাফফর আহমদ চৌধুরী বৃহস্পতিবার বিকেলে স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সকালে বাড়ি ফিরে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন। ঘটনার সময় ঘরে কেউ ছিল না। দুর্বৃত্তরা গভীর রাতে ঘরের টিনের ছাউনি সরিয়ে ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক তাণ্ডব চালায়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আলমিরা ভেঙে নগদ ৪৮ হাজার টাকা এবং প্রায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও নথিপত্রের ক্ষয়ক্ষতি ভুক্তভোগী পরিবারকে বেশি শঙ্কিত করে তুলেছে। দুর্বৃত্তরা আলমিরায় থাকা তিনটি পাসপোর্ট, চারটি জাতীয় পরিচয়পত্র এবং তিনটি জন্ম নিবন্ধন সনদ নিয়ে গেছে। এছাড়া জমিজমা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ মূল দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র রান্নাঘরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী জানান, পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও ঘর নির্মাণের সময় নথিপত্র খুঁজতে দুর্বৃত্তরা বাড়িতে তাণ্ডব চালিয়েছিল। এবারের ঘটনায় মূল্যবান সামগ্রী লুটের পাশাপাশি নথিপত্র ধ্বংস করার বিষয়টি কোনো পূর্বশত্রুতার জের কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

শনিবার সকালে বাড়ি ফিরে ভুক্তভোগী দেখেন সদর দরজা ভেতর থেকে বন্ধ। পরবর্তীতে রান্নাঘরের টিনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন এবং থানায় খবর দেওয়ার পরামর্শ দেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পুলিশি তদন্ত শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শীর্ষ সংবাদ সারাদেশ