বিশ্ব মানবাধিকার ফোরামে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

বিশ্ব মানবাধিকার ফোরামে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

জাতীয় ডেস্ক

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে একটি ফ্লাইটে তার দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের আমন্ত্রণে আয়োজিত ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ এনসিপি মুখপাত্র অংশ নেবেন। সপ্তাহব্যাপী এই সম্মেলনে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনঅংশগ্রহণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা নগর পর্যায়ে মানবাধিকার বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

সফরকালে আসিফ মাহমুদ কেবল আন্তর্জাতিক ফোরামেই সীমাবদ্ধ থাকবেন না, বরং দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় সভায় মিলিত হবেন। এই সভায় প্রবাসীদের বিদ্যমান সমস্যা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টার আয়োজিত একাধিক সাংগঠনিক ও প্রতিনিধি সভায় অংশ নিয়ে প্রবাসী রাজনৈতিক সক্রিয়তা এবং কমিউনিটি সংযোগ বৃদ্ধিতে তিনি দিকনির্দেশনা প্রদান করবেন।

আসিফ মাহমুদের এই সফরকে এনসিপির পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দলের নীতিনির্ধারকদের মতে, আন্তর্জাতিক মানবাধিকার মঞ্চে দেশের বর্তমান পরিস্থিতি ও নাগরিক অধিকারের বিষয়ে বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে রাজনৈতিক যোগাযোগ সুদৃঢ় হবে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশে প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো সরাসরি শুনে সে অনুযায়ী নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হবে। সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ