বিনোদন ডেস্ক
আগামী ১২ জুন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন মরক্কান বংশোদ্ভূত শিল্পী নোরা ফাতেহি। ফিফার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, নোরার পাশাপাশি বিশ্বখ্যাত তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালেসিয়া কারা এই আয়োজনে অংশগ্রহণ করবেন। কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য ও ফুটবল উন্মাদনাকে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরাই এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, টরন্টোর এই অনুষ্ঠানটি মূলত কানাডার জাতীয় পরিচয়ের একটি শক্তিশালী প্রতিফলন হিসেবে নকশা করা হয়েছে। ফুটবলের এই মহাযজ্ঞের মাধ্যমে বিশ্বকে স্বাগত জানাতে গান ও সংস্কৃতির এই মেলবন্ধনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মোট ১০৪টি ম্যাচের এই আসরটি হবে ইতিহাসের অন্যতম বৃহত্তম ক্রীড়া আয়োজন।
টরন্টোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী পর্বেও আন্তর্জাতিক তারকাদের সমাবেশ ঘটবে। সেখানে পারফর্ম করবেন অনিতা, ফিউচার, ক্যাটি পেরি এবং লিসার মতো বিশ্বসংগীতের খ্যাতনামা শিল্পীরা। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্দা উন্মোচিত হলেও ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে এই বিশ্বযজ্ঞের সমাপ্তি ঘটবে।
আন্তর্জাতিক এই সাফল্যের আবহের মধ্যেই সম্প্রতি ভারতে আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে নোরা ফাতেহিকে। তার অভিনীত ‘কেডি-দ্য ডেভিল’ চলচ্চিত্রের ‘সরকে চুনার’ গানটির আপত্তিকর কথা ও দৃশ্যায়ন নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে গানটির হিন্দি সংস্করণের বিষয়বস্তু নিয়ে অভিযোগ ওঠায় ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) তাকে তলব করে। গত সপ্তাহে কমিশনের সামনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নোরা এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
শুনানি শেষে নোরা ফাতেহি জানান, শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি ক্ষমা চেয়েছেন এবং কাউকে আঘাত করার কোনো অভিপ্রায় তার ছিল না। মহিলা কমিশন তার আন্তরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে। বর্তমানে আইনি ও বিতর্কিত বিষয়গুলো কাটিয়ে নোরা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির দিকে মনোনিবেশ করছেন। ফুটবলের এই বৈশ্বিক মঞ্চে পারফরম্যান্সের মাধ্যমে নিজের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করাই এখন তার প্রধান লক্ষ্য।


