জাতীয় ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারীতে অতিদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ, জেলে পরিবারের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং পৌরসভার আধুনিক সড়ক বাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শনিবার সকালে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে এক ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্থানীয় অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও অতি দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি ও জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এসব উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে জনগণের সচেতনতা ও আত্মনির্ভরশীলতার মানসিকতা অপরিহার্য।
একই দিন দুপুরে প্রতিমন্ত্রী সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় এক বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে হালদা নদীর তীরবর্তী নিবন্ধিত জেলে পরিবারগুলোর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ছাগল বিতরণ করা হয়। পরিবেশগতভাবে সংবেদনশীল হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষা এবং একই সাথে জেলেদের জীবিকা নির্বাহের বিকল্প পথ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিকালে হাটহাজারী পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (এলজিসিআরআরপি)-এর আওতায় ‘স্মার্ট স্ট্রিট লাইটিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের অধীনে বানজইন-উপজেলা কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাছারি সড়ক-রামকুঁনি সড়কে আধুনিক ও পরিবেশবান্ধব স্মার্ট সড়ক বাতি স্থাপন করা হয়েছে।
এছাড়া গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে হাটহাজারী পৌরসভার কামালপাড়া-রামকুঁনি সড়ক এবং শাহজালাল পাড়া কার্পেটিং উন্নয়ন প্রকল্পেরও ফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সড়ক উন্নয়নের ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের যাতায়াত ব্যবস্থা আরও গতিশীল হবে।
উদ্বোধনী অনুষ্ঠান ও ত্রাণ বিতরণ কর্মসূচিগুলোতে উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


