ঈদুল আজহার আগে দেশের বাজারে কমল সোনার দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে কমল সোনার দাম

অর্থ ও বাণিজ্য ডেস্ক

দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল শনিবার থেকে এই নতুন মূল্য কার্যকর করেছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য হ্রাস পাওয়ার পরিপ্রক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এর আগে এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় নেমে এসেছে। তবে সোনার দাম পরিবর্তন হলেও বাজারে রুপার পূর্বনির্ধারিত দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গত ২১ মে দেশের বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা করা হয়েছিল। তিন দিনের ব্যবধানে ঠিক সমপরিমাণ টাকা কমিয়ে সোনাকে আগের অবস্থানে ফিরিয়ে আনা হলো।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহার আগে সোনার দাম কমায় ক্রেতা সাধারণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে। সাধারণত উৎসবের মৌসুমে মূল্যবান এই ধাতুর চাহিদা বৃদ্ধি পায়। বিশ্ববাজারের গতিপ্রকৃতি এবং দেশীয় বাজারের সরবরাহ পরিস্থিতি বিবেচনা করে জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত এই দাম নির্ধারণ করে থাকে। স্থানীয় বাজারে তেজাবি সোনার সরবরাহ স্থিতিশীল থাকলে মূল্যবান ধাতুর বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ