সীমান্তে ভারতীয় নাগরিক পুশইনের চেষ্টার তীব্র নিন্দা ও কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জামায়াতের

সীমান্তে ভারতীয় নাগরিক পুশইনের চেষ্টার তীব্র নিন্দা ও কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জামায়াতের

জাতীয় ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই পদক্ষেপকে বেআইনি, অন্যায় এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (৯ জুন) প্রদত্ত এক বিবৃতিতে জামায়াত নেতা অভিযোগ করেন, ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়ে নিজস্ব সংবিধান, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মানবাধিকার সনদের চরম লঙ্ঘন করছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানালেও ভারত সরকার তা আমলে নিচ্ছে না।

বিবৃতিতে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে বলা হয়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ৯ মাসের গর্ভবতী নারী ও প্রতিবন্ধী শিশুসহ ১১ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করে। অনুপ্রবেশে ব্যর্থ হয়ে ওই নাগরিকরা বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।

এছাড়া পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্ত দিয়ে ১০ জন এবং কুড়িগ্রাম, মেহেরপুর ও শেরপুরসহ দেশের প্রায় ১১টি জেলার বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে আনুমানিক ৩২০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালানো হয়েছে। তবে বিজিবি, আনসার-ভিডিপি এবং স্থানীয় জনগণের সতর্ক ও সম্মিলিত অবস্থানের কারণে এসব পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই কোনো ধরনের বিদেশি চাপের কাছে নতিস্বীকার করবে না। একই সাথে তিনি সীমান্তে এ ধরনের আগ্রাসী ও একতরফা তৎপরতা বন্ধ করে দ্বিপাক্ষিক প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় ভারতীয় এই আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ও প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।

রাজনীতি শীর্ষ সংবাদ