২৭ জুলাই ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট

২৭ জুলাই ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট

বিমান ও পর্যটন ডেস্ক

আগামী ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এই সিদ্ধান্ত জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

এর আগে অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থা। তৎকালীন সময়ে হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে এই স্থগিতাদেশের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, জাপানের টোকিওর নিকটবর্তী নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে ঢাকার সরাসরি আকাশপথের এই পুনঃসংযোগ বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন এবং জনশক্তি রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সাশ্রয়ী হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রয়োজনীয় উড়োজাহাজ সংকট কাটিয়ে এবং বাণিজ্যিক পরিকল্পনা পুনর্নির্ধারণ করে এই রুটে পুনরায় যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ