জাতীয় ডেস্ক
প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের পৌর ও নগর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় একটি উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ৬৮০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন এই উচ্চ জলাধার (ওভারহেড পানির ট্যাংক) নির্মিত হলে টাঙ্গাইল শহরের স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জনগণের জীবনমান ও জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং আশেকপুর বাইপাস এলাকায় এই ওভারহেড পানির ট্যাংক নির্মিত হলে স্থানীয় বাসিন্দারা নিয়মিত ও মানসম্মত বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা পাবেন। এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প সরকারের সামগ্রিক নাগরিক সুবিধা সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পৌর এলাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে সৃষ্ট পানির চাহিদা পূরণে এই প্রকল্প একটি দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক জনস্বাস্থ্য সুরক্ষায় এবং পানিবাহিত রোগ প্রতিরোধে প্রতিটি নাগরিকের কাছে সুপেয় পানি পৌঁছানো জরুরি। এই জলাধারটি চালু হলে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার পরিবার সরাসরি উপকৃত হবে, যা টেকসই নগর উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
উচ্চ জলাধারটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


