প্রশান্ত মহাসাগরে দুই জাহাজে সাড়ে ৬ টন কোকেন জব্দ, গ্রেপ্তার ৬

প্রশান্ত মহাসাগরে দুই জাহাজে সাড়ে ৬ টন কোকেন জব্দ, গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রশান্ত মহাসাগরে দুটি পৃথক জাহাজে অভিযান চালিয়ে ৬ দশমিক ৪ টন কোকেন জব্দ করেছে এল সালভাদরের নৌবাহিনী। মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি দুই জাহাজে থাকা মোট ছয়জন নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জব্দকৃত এই কোকেনের আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (১৬৭ মিলিয়ন ডলার)।

এল সালভাদরের প্রশাসন জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রশান্ত মহাসাগরের জলসীমায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রতিটি জাহাজে প্রায় সমপরিমাণ মাদক লুকিয়ে রাখা হয়েছিল। প্রতিটি নৌযান থেকে তিনজন করে পাচারকারীকে আটক করে দেশটির কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ দল।

দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে এই অভিযানকে মাদকবিরোধী লড়াইয়ে ‘জাতীয় পর্যায়ের নতুন রেকর্ড’ হিসেবে অভিহিত করেছেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানান, অতীতে যেসব দুর্গম ও দূরবর্তী সামুদ্রিক অঞ্চলে অপরাধীরা বিনা বাধায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত, বর্তমান সরকার সেসব স্থানেও নজরদারি ও অভিযান জোরদার করেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক মাদক চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহৃত প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে চলতি বছরে এ পর্যন্ত ১৩ টনেরও বেশি কোকেন জব্দ করেছে এল সালভাদর। উদ্ধারকৃত এসব মাদকের সামগ্রিক বাজারমূল্য প্রায় ৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩৩২ মিলিয়ন ডলার)।

দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা ও ইউরোপে মাদক পাচারের অন্যতম ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয় মধ্য আমেরিকার এই অঞ্চলটি। সমুদ্রপথে কড়া নজরদারির ফলে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটগুলোর তৎপরতা ব্যাহত হবে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার হবে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ