রাজনীতি ডেস্ক
বগুড়ার বাঘোপাড়ায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে ইতিমধ্যেই রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে নয়নের চোখের উন্নত চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার (২০ জুন) চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নয়নের চোখের প্রাথমিক পরীক্ষা ও পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু হয়। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সার্বিক সহযোগিতায় এই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতাল পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
ভুক্তভোগী নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়া এলাকার একটি অতি দরিদ্র পরিবারের সন্তান এবং স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ২০২৩ সালের ২৯ অক্টোবর বগুড়ায় একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন বাঘোপাড়া এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া ছররা গুলিতে নয়ন গুরুতর আহত হন। ছররা গুলির আঘাত তার চোখে লাগায় দীর্ঘ সময় ধরে তিনি চোখের দৃষ্টিজনিত জটিলতায় ভুগছেন।
দীর্ঘদিন ধরে অর্থাভাব ও স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসার সুযোগ না থাকায় নয়নের চোখের অবস্থার অবনতি ঘটছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসার পর দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, নয়নের চোখে যে আঘাত লেগেছে তা বেশ জটিল। তবে আধুনিক চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার ‘আমরা বিএনপি পরিবার’ সেলের মাধ্যমে তারেক রহমান বহন করবেন বলে সংগঠনের দায়িত্বশীল পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


