আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালে, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর আশা: উপদেষ্টা জাহেদ উর রহমান

আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালে, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর আশা: উপদেষ্টা জাহেদ উর রহমান

জাতীয় ডেস্ক

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও দলটির বিচারের বিষয়ে সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি দলটির মাঠপর্যায়ের যেকোনো নাশকতামূলক কর্মসূচি প্রতিহত করার ঘোষণা এবং মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর অগ্রগতির কথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের নৈতিক সাহস না থাকলেও তাদের নাশকতার সক্ষমতা রয়েছে। দলটির আইনি অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, কারিগরি ও আইনি দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ এখনো চূড়ান্তভাবে নিষিদ্ধ দল নয়। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি না, তা আদালতের বিচারের মাধ্যমে নির্ধারিত হবে। তবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করে দলটি যদি মাঠে কোনো কর্মসূচি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, তবে তাকে আইনভঙ্গকারী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে এবং সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ ব্রিফিংয়ে দেশের অর্থনীতি ও বৈদেশিক শ্রমবাজারের ওপর আলোকপাত করে উপদেষ্টা জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার প্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিশেষ করে বাংলাদেশের অন্যতম বৃহৎ বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়া পুনরায় উন্মুক্ত করার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পুরো সফরজুড়ে বাংলাদেশের প্রতি অত্যন্ত আগ্রহ ও আন্তরিকতা প্রদর্শন করেছেন। এই আলোচনার ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় শীর্ষ সংবাদ