অপরাধ ডেস্ক
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবারার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার জানান, দুই বছর আগে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা দেশব্যাপী মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নজরদারি শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দলটির নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে জমায়েত হয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার এবং ঢাকার বাইরে থেকে কর্মী এনে নাশকতার পরিকল্পনা করছিল।
এই আগাম তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে ঢাকার প্রবেশমুখ, সীমান্ত এলাকা, বাস ও ট্রেন স্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল প্যাট্রোল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন অবস্থান যেমন বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন, ইতিমধ্যে দলটির কিছু মিছিল থেকে ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনা থেকে স্পষ্ট যে সুযোগ পেলে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। তবে পুলিশের সময়োপযোগী ও সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হতে পারেনি এবং অবশিষ্ট সময়েও কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে পবিত্র আশুরা উদযাপন প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, এবার রাজধানীজুড়ে ২৮টি ইমামবাড়ার উদ্যোগে মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। ১ থেকে ১০ মহররম পর্যন্ত বিভিন্ন তারিখে বিভক্ত এই মিছিলগুলোর রুট নির্ধারণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অতীতে তাজিয়া মিছিলে হামলাকারী কিছু অপরাধী সাম্প্রতিক সময়ে কারাগার থেকে মুক্ত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা বা আলামত নেই। তা সত্ত্বেও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা রুখতে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


