বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পর চীনের দালিয়ান থেকে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ বুধবার বেলা ১টা ৫৬ মিনিটে তিনি একটি বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর অবস্থানকালীন বাসস্থান শাংগ্রিলা হোটেল থেকে সড়কপথে দালিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছান।

আজ সকালে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের মূল অধিবেশনে (প্ল্যানারি সেশন) যোগ দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া এই অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ (বৃহৎ পরিসরে উদ্ভাবন)। সম্মেলনের সভাপতিত্ব করেন ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও বৈশ্বিক অর্থনৈতিক বিষয়ে মতবিনিময় করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এটিই তারেক রহমানের প্রথম অংশগ্রহণ। এই সফর বাংলাদেশ ও বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারদের মধ্যে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক মহলে দেশের নীতিগত অবস্থান তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল। বেইজিংয়ে অবস্থানকালে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ