জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে প্রস্তাবিত বাজেট: সংসদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে প্রস্তাবিত বাজেট: সংসদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় মূলনীতিকে প্রাধান্য দিয়ে জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেট পেশ করা হয়েছে। বর্তমান অর্থমন্ত্রীর প্রস্তাবিত এই বাজেট দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে প্রণীত হয়েছে। তবে এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর কার্যকর বাস্তবায়ন এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে।

বিগত প্রশাসনের সমালোচনা করে ফারজানা শারমীন বলেন, গত ১৭ থেকে ২০ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। এই দীর্ঘমেয়াদি ক্ষতি রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করা সম্ভব এবং ইতোমধ্যে অর্থনৈতিক পরিবর্তনের ইতিবাচক ধারা শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দেশের আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়কে আরও কার্যকর ও গতিশীল করতে নিরলস কাজ চলছে। দলের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া কৃষক কার্ড, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন নতুন উদ্যোগ এবারের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সকল সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি রাজনৈতিক বিভেদ ও পরস্পরের বিরুদ্ধে দোষারোপ পরিহার করে একটি সবুজ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক মন-মানসিকতারও ইতিবাচক পরিবর্তন জরুরি।

নিজ নির্বাচনী এলাকা নাটোরের বিভিন্ন স্থানীয় সমস্যা ও সম্ভাবনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বালুমহালকে কেন্দ্র করে সক্রিয় অপরাধী সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সাথে, চরাঞ্চলে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প, বিশেষ করে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিলে ওই এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

জাতীয় শীর্ষ সংবাদ