গণতন্ত্র সুসংহতকরণ ও শিক্ষা আধুনিকায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: প্রধানমন্ত্রী

গণতন্ত্র সুসংহতকরণ ও শিক্ষা আধুনিকায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঐতিহাসিক নেতৃত্বের কথা স্মরণ করেছেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং এখন তা সুসংহত করার দায়িত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।

প্রধানমন্ত্রী ১৯২১ সাল থেকে উপমহাদেশে উচ্চশিক্ষার প্রসার, জ্ঞানচর্চা ও গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী প্রচলিত শিক্ষাক্রমকে আধুনিক ও সময়োপযোগী করার ওপর জোর দেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানোটেকনোলজি ও ফাইভ-জি প্রযুক্তির মতো আধুনিক বিষয়গুলো শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। শিক্ষাকে কেবল সনদসর্বস্ব না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার প্রসার ঘটানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় সাধনে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারকরণের বাস্তবায়নে তাগিদ দেন প্রধানমন্ত্রী। একই সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গবেষণার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়েও তিনি আলোকপাত করেন। এছাড়া দেশ-বিদেশে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের শিক্ষা ও গবেষণার উন্নয়নে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

জাতীয় শীর্ষ সংবাদ