অর্থ-বাণিজ্য ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার বাড়ানো হয়েছে রুপার দামও। স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে রুপার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ৩০ জুন দেশের বাজারে রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৪১ টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়েছিল।
আজকের এই মূল্যবৃদ্ধির মাধ্যমে চলতি বছর দেশের বাজারে রুপার দাম মোট ৫২ বার সমন্বয় করা হলো। স্থানীয় বাজারে কাঁচামালের সরবরাহ ও বৈশ্বিক বাজারের অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দামে বারবার এই ধরনের ওঠানামা দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


