উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম প্রকাশ

উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম প্রকাশ

জাতীয় ডেস্ক

বাংলাদেশের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

সোমবার (৬ জুলাই, ২০২৬) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রীর উদ্বোধন করেন। প্রকাশিত সামগ্রীর মধ্যে রয়েছে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর।

উদ্বোধনকালে মন্ত্রী জানান, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই স্মারক ডাকটিকিট এবং সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই ঐতিহাসিক নিদর্শনের পরিচিতি ও গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী-বটেশ্বরকে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ-নগরী ও সমৃদ্ধ সভ্যতার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। সরকারের এই উদ্যোগ দেশের প্রত্নতাত্ত্বিক পর্যটন খাতের বিকাশ এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

জাতীয় শীর্ষ সংবাদ