অপরাধ ডেস্ক
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালুর সাথে ব্রাজিল সমর্থক শরিফুলের তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা শরিফুলকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাবু ও মাইন উদ্দিন মালুসহ অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


