আইন আদালত ডেস্ক
চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি এবং চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আজ বুধবার সকাল ৮টায় শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, ফরিদা ইলিয়াছ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি নিজ বাসায় অবস্থান নেওয়া শুরু করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির মৃত আব্দুল গফুর শেখের মেয়ে এবং ইলিয়াস হোসেনের স্ত্রী। তিনি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালে বাংলাদেশে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনের সময় তার বিরুদ্ধে আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে।
পুলিশি সূত্রে জানা গেছে, গত ৮ জুন চাঁদপুর সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ফরিদা ইলিয়াছ ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, আদালতের বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ফরিদা ইলিয়াছকে চাঁদপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে থানা কর্তৃপক্ষ জানিয়েছে।


