নিউইয়র্কে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক: নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে তাগিদ

নিউইয়র্কে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক: নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে তাগিদ

জাতীয় ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকের শুরুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিগত মে মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ওই সফরের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার প্রতিরোধে যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, তা সীমান্ত নিরাপত্তা জোরদার ও সমাজকে সুরক্ষিত রাখতে কার্যকর ভূমিকা পালন করবে। দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস এবং পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অংশীদারিত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ার বিষয়টিকে তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনকারী একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

আলোচনায় পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের মানবিক সংকটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় পারিবারিক নথিপত্রের অভাবে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা দেশটির ‘কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড’ (সিএনআইসি) পেতে দীর্ঘদিনের জটিলতার সম্মুখীন হচ্ছেন। এর ফলে তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক ও রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার এবং দ্রুত একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য পাকিস্তানি মন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।

নগর নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের সফল অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশটির ৪০টিরও বেশি প্রধান শহরে বাস্তবায়িত ‘সেফ সিটি’ উদ্যোগ বাংলাদেশের জন্য একটি ভালো মডেল হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব (বর্তমান মন্ত্রিপরিষদ সচিব) ইতোপূর্বে সেপ্টেম্বর মাসে ইসলামাবাদ, লাহোর, মুলতান ও করাচির ‘সেফ সিটি’ মডেল সরেজমিন পরিদর্শন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শহরগুলোকে আরও নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর করতে পাকিস্তান কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদান করতে পারে। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে পুলিশ কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রেও পাকিস্তানের সহযোগিতা কামনা করা হয়।

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বৈঠকে জানানো হয়, অতীতে সৌদি আরবে অবস্থানরত অনিবন্ধিত রোহিঙ্গাদের আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসনে বাংলাদেশ ও পাকিস্তান সমন্বিতভাবে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধরনের বৈশ্বিক ও আঞ্চলিক সংকট মোকাবিলায় দুই দেশের নিবিড় পরামর্শ ও বাস্তবভিত্তিক সহযোগিতা কার্যকর ভূমিকা রাখতে পারে। মিয়ানমার যেন তাদের নাগরিকদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে স্বদেশে ফিরিয়ে নেয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের জোরালো ও ধারাবাহিক কূটনৈতিক সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।

বৈঠক শেষে পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আশ্বাস দেন। উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ