উত্তরায় কাভার্ডভ্যান উল্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত

উত্তরায় কাভার্ডভ্যান উল্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত

রাজধানী ডেস্ক

রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনে একটি মালামাল বোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ঢাকা থেকে বহির্গামী সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ২৬ জুলাই দিবাগত মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আখতার ফার্নিচারের সামনে বিআরটি লেনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ জানায়, ঢাকা মেট্রো ট ২০-৪৪৫৭ নম্বরের কাভার্ডভ্যানটি মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে আড়াআড়িভাবে উল্টে যায়। ফলে ঢাকা থেকে আউটগোয়িং লেনে গাড়ি চলাচল সীমিত হয়ে পড়ে। তবে ঢাকাগামী ইনকামিং লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার পর থেকে গাড়িটি সড়কে পড়ে থাকলেও উদ্ধার অভিযান বিলম্বিত হচ্ছে। ভারী মালামালে পরিপূর্ণ ও তালাবদ্ধ কাভার্ডভ্যানটি সরাতে ছোট-বড় দুটি রেকার দিয়ে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় ট্রাফিক পুলিশ। চালক ও সহকারী ঘটনার পর থেকেই পলাতক।

উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) এসএম হাসিবুর রহমান জানান, কাভার্ডভ্যানটির মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মালামাল আনলোডের প্রক্রিয়া শুরু করেছে। মালামাল সরানোর পর কাভার্ডভ্যানটি উদ্ধার করে সড়ক স্বাভাবিক করা হবে।

রাজধানী শীর্ষ সংবাদ