জাতীয় ডেস্ক
হাসপাতালকে মানুষের ভরসা ও আস্থার সর্বোচ্চ কেন্দ্র হিসেবে উল্লেখ করে রোগীদের মানসম্মত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এজন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতার পাশাপাশি সামগ্রিক হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ এই চিকিৎসা প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি ও কার্যকর কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, দক্ষ জনবল তৈরি, ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে শেবাচিম হাসপাতালকে একটি দৃষ্টান্তমূলক সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। স্বাস্থ্য খাতের উন্নয়নকে টেকসই করতে প্রযুক্তিনির্ভর সেবাব্যবস্থা চালুর ওপর জোর দেন তিনি।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্তের মূল লক্ষ্যই হলো জনগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। তবে এসব সরকারি পরিকল্পনা ও মূল লক্ষ্য সফল করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টা এবং আন্তরিকতা অত্যন্ত জরুরি। চিকিৎসাব্যবস্থায় স্বচ্ছতা, সুশাসন ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে প্রান্তিক ও সাধারণ মানুষ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবে।
স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি হলো সততা ও জবাবদিহি। মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, নতুন অবকাঠামো বা উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন চিকিৎসা সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসা কর্মীদের আরও বেশি সংবেদনশীল হতে হবে। মাঠপর্যায়ে সেবার মান উন্নত না হলে সার্বিক স্বাস্থ্য খাতের পরিবর্তন অসম্ভব।
উক্ত মতবিনিময় সভায় দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবার বর্তমান চিত্র, বিদ্যমান সমস্যা ও সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ অবস্থান থেকে হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসান। এছাড়া বরিশাল অঞ্চলের স্বাস্থ্য দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান, জ্যেষ্ঠ চিকিৎসক ও নার্সিং কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


