অর্থ-বাণিজ্য ডেস্ক
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ পুনরায় বৃদ্ধি পেয়ে ৩৬ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) দিন শেষে গ্রস হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৪৯ বিলিয়ন মার্কিন ডলারে।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবাহের ফলে বৈদেশিক মুদ্রার বাজারে এই স্বস্তি ফিরে এসেছে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বা বিভিন্ন ফান্ডে প্রাক্কলিত অর্থ বাদ দিয়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে প্রকৃত বা নিট রিজার্ভের হিসাব করা হয়। এই নিট রিজার্ভের স্থিতি দেশের আন্তর্জাতিক দায় পরিশোধ, প্রয়োজনীয় পণ্য আমদানি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং আমদানি ব্যয় মেটানোর প্রয়োজনীয় সক্ষমতা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভের গতিপ্রকৃতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।


